শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।

কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ

  • শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ, অধ্যায়-১, ( ভগবদ- উপলব্ধির প্রথম স্তর )

    শ্লোক: ১৬:
    গৃহাৎ প্রব্রজিতো ধীরঃ পুণ্যতীর্থজলাপ্লুতঃ ৷
    শুচৌ বিবিক্ত আসীনো বিধিবৎকল্পিতাসনে ॥১৬৷৷

  • অনুবাদ : গৃহ থেকে নিষ্ক্রান্ত হয়ে আত্মসংযম অনুশীলন করা মানুষের কর্তব্য । কোন তীর্থস্থানে নিয়মিতভাবে স্নান করে তিনি যথাযথভাবে পবিত্র হবেন এবং নির্জন স্থানে আসন রচনা করে তাতে উপবেশন করবেন ।
  • তাৎপর্যঃ- পরবর্তী শ্রেষ্ঠতর জীবনের প্রস্তুতির জন্য সকলের উচিত তথাকথিত গৃহ ত্যাগ করা । বর্ণাশ্রম ধর্ম বা সনাতন ধর্মের প্রথায় নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চাশ বছর বয়স হলে যত শীঘ্র সম্ভব পারিবারিক বন্ধন থেকে অবসর গ্রহণ করা উচিত । আধুনিক সভ্যতা পারিবারিক স্বাচ্ছন্দ্য এবং অতি উন্নত সুযোগ - সুবিধার উপর প্রতিষ্ঠিত , এবং তাই অবসর গ্রহণের পর সকলেই আসবাবপত্রের দ্বারা সুসজ্জিত এবং সুন্দরী রমণী এবং শিশুদের দ্বারা পরিবৃত গৃহে অত্যন্ত আরামদায়কভাবে জীবন যাপন করতে চায় । সেই আরামদায়ক গৃহটি থেকে চলে যাওয়ার কোন বাসনা তাদের থাকে না । উচ্চপদস্থ সরকারী কর্মচারী এবং মন্ত্রীরা মৃত্যু পর্যন্ত তাদের বহু আকাঙ্ক্ষিত পদটি দৃঢ়ভাবে ধরে থাকে এবং স্বপ্নেও তারা তাদের সেই গৃহসুখ থেকে বেরিয়ে আসতে চায় না । সেই মোহের বন্ধনে আবদ্ধ হয়ে জড় বিষয়াসক্ত মানুষেরা অধিকতর আরামদায়ক আরেকটি জীবনের জন্য নানাপ্রকার পরিকল্পনা করে , কিন্তু নিষ্ঠুর মৃত্যু নির্দয়ভাবে সেই সমস্ত বড় বড় পরিকল্পনাকারীদের বর্তমান শরীরটি ত্যাগ করে অন্য আরেকটি শরীর গ্রহণ করতে বাধ্য করে । এই সমস্ত পরিকল্পনাকারীদের এইভাবে তাদের কৃতকর্মের ফল অনুসারে চুরাশী লক্ষ বিভিন্ন যোনির মধ্যে একটি শরীর গ্রহণ করতে বাধ্য করা হয় । যে সমস্ত মানুষ তাদের পারিবারিক সুখ - স্বাচ্ছন্দ্যের প্রতি অত্যন্ত আসক্ত , তাদের সাধারণত কর্মের ফল অনুসারে নিম্নস্তরের শরীর দান করা হয় , এবংএই ভাবে মানবজীবনের সমস্ত শক্তির অপচয় হয় । মানবজীবনের অপচয়ের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এবং অলীক বস্তুর প্রতি আসক্ত না হওয়ার জন্য মানুষকে পঞ্চাশ বছর বয়স হলে সাবধান হওয়া উচিত , আর তার পূর্বেই যদি তা করা হয় তাহলে তো আরও ভাল । সকলের জানা উচিত যে মৃত্যুর ভয় সর্বদাই বর্তমান , এমনকি পঞ্চাশ বছর বয়সের পূর্বেও মৃত্যু আমাদের গ্রাস করতে পারে । তাই জীবনের যে কোন অবস্থায় পরবর্তী শ্রেষ্ঠতর জীবনের জন্য নিজেকে প্রস্তুত করা উচিত । সনাতন ধর্ম ব্যবস্থায় মানব জীবনের অপূর্ব সুন্দর সুযোগটি নষ্ট না করে পরবর্তী জীবনটিকে সুন্দর করে গড়ে তোলার জন্য অনুগামীদের শিক্ষা দেওয়া হয় । পৃথিবীর সমস্ত তীর্থস্থানগুলি অবসরপ্রাপ্ত ব্যক্তিদের পরবর্তী জীবনটি ভালভাবে গড়ে তোলার জন্য । বুদ্ধিমান মানুষদের আবশ্যিক কর্তব্য হচ্ছে জীবনের শেষ পর্যায়ে , অর্থাৎ পঞ্চাশ বছর বয়সের পর পারিবারিক বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য এই সমস্ত তীর্থস্থানগুলিতে গিয়ে আধ্যাত্মিক জীবন যাপন করা । জড় আসক্তি থেকে মুক্ত হওয়ার জন্য গৃহত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে । কেননা মৃত্যু পর্যন্ত কেউ যদি পারিবারিক জীবনের সঙ্গে যুক্ত থাকে , তাহলে কোনমতেই জড় আসক্তি থেকে মুক্ত হওয়া যায় না । মানুষ যতক্ষণ পর্যন্ত জড় বিষয়ে আসক্ত থাকে , ততক্ষণ পর্যন্ত আধ্যাত্মিক মুক্তি বলতে যে কি বোঝায় তা সে বুঝতে পারে না । কিন্তু তা বলে আবার গৃহত্যাগ করার পর অথবা তীর্থস্থানে গিয়ে বৈধ বা অবৈধভাবে আরেকটি গৃহ নির্মাণ করে আত্মতুষ্ট হওয়া উচিত নয় । বহু মানুষ গৃহত্যাগ করে তীর্থস্থানে যায় , কিন্তু অসৎ সঙ্গের প্রভাবে পুনরায় অবৈধভাবে স্ত্রী - সঙ্গ করে সংসারী হয় । মায়ার মোহিনী শক্তি এতই প্রবল যে জীবনের প্রতিটি অবস্থায় , এমনকি সুখী গৃহ পরিত্যাগ করার পরেও মানুষ আবার বিভিন্ন প্রকার মোহের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে । তাই যৌনলিপ্সা সর্বতোভাবে পরিত্যাগ পূর্বক ব্রহ্মচর্য পালন করে আত্মসংযম অনুশীলন করা উচিত । যে মানুষ তার সত্তার যথার্থ উন্নতি সাধন করতে চায় , তার পক্ষে যৌন ক্রীড়া আত্মহত্যা করার মতো অথবা তার থেকেও নিকৃষ্ট । তাই সাংসারিক জীবন থেকে দূরে থাকার অর্থ হচ্ছে সবরকম ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টা সম্পর্কে, বিশেষ করে যৌন বাসনা সম্পর্কে সংযত হওয়া । সেই অনুশীলনের বিধি হচ্ছে কুশ এবং কৃষ্ণাজিনের পবিত্র আসনে উপবেশন করে উপরোক্ত নির্দেশ অনুসারে নিরপরাধে ভগবানের নাম কীর্তন করা। এই প্রথাটির উদ্দেশ্য হচ্ছে মনকে জড় আসক্তি থেকে মুক্ত করে পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে নিবদ্ধ করা। এই সরল বিধিটিই কেবল সর্বোচ্চ স্তরের পারমার্থিক সাফল্য প্রদান করতে পারে।

    পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
  • * * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

    জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।